ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শুক্রবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত টানা প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা বিএনপিকর্মী টিটন মোল্লার সঙ্গে একই গ্রামের আনিসুর রহমান কনক ও বিএনপি নেতা লিপটন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার রাতে কনক ও লিপটন পক্ষ আশপাশের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫), আরব আলী (৬৬), ইয়াহিয়া (২০)সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় টিটন মোল্লার সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। একই সঙ্গে গবাদিপশুও লুটের অভিযোগ পাওয়া গেছে। পাল্টা হিসেবে টিটনের সমর্থকরাও প্রতিপক্ষের দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং কয়েকটি স্থানে অগ্নিসংযোগ চালায়। এতে দুই পক্ষের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমতৈল গ্রামের গোলাম তহুরের স্ত্রী নাসিমা খাতুন অভিযোগ করেন, তার স্বামী ও দেবর বাইরে থাকায় সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়েছে।

অন্যদিকে নোহাটা গ্রামের লিপি বেগম বলেন, তার স্বামী দিনমজুর হলেও তাদের বাড়িঘর ব্যাপকভাবে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, এখন সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন।

একই গ্রামের সালমা বেগম জানান, রাতে সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে ছিলেন। হামলাকারীরা ঘরে ঢুকে সবকিছু ভেঙে ফেলে এবং সঞ্চিত অর্থও নিয়ে যায়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আহত ১০,সংঘর্ষ-ভাঙচুর,আধিপত্য বিস্তার,মাগুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত