ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বরকলে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বরকলে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মো. মোজাম্মেল হক চাঁদা দাবি, হুমকি, মিথ্যা তথ্য প্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় স্থানীয় এক স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মো. মোজাম্মেল হক বলেন, তিনি প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে হরিণা বাজারে কাঠ ব্যবসাসহ আবুল খায়ের গ্রুপের ডিলারশিপ পরিচালনা করছেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে তিনি সততার সঙ্গে কাজ করে আসছেন এবং স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

তিনি দাবি করেন, তার কাছে কোনো ব্যবসায়ী বা শ্রমিকের পাওনা নেই এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও একজন স্বচ্ছ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় রবিউল ইসলাম ও নুর হোসেন তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং তার প্রতিষ্ঠানে ও তার ওপর হামলার ষড়যন্ত্র করছেন।

তিনি জানান, এ ঘটনায় তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন, যার সাইবার পিটিশন নম্বর ১৩৯/২০২৬। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে নিজের নিরাপত্তা চেয়ে বরকল থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।

মোজাম্মেল হক আরও বলেন, এসব অপপ্রচারের কারণে শুধু তার ব্যক্তিগত মানহানি হয়নি, বরং এলাকার শত শত ব্যবসায়ীর নিরাপদ ব্যবসাও ঝুঁকির মুখে পড়ছে।

তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ব্যবসায়ী এ ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি দাবি করেন, প্রতিপক্ষ পক্ষ অতীতে রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল এবং বিভিন্ন সময়ে তার পরিবারের ওপর হয়রানি ও হামলার ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, “আমি সৎভাবে ব্যবসা করি। আমার বিরুদ্ধে ছড়ানো সব অভিযোগ ভিত্তিহীন। তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ হবে বলে আমি বিশ্বাস করি।”

সংবাদ সম্মেলন,ব্যবসায়ী,চাঁদা দাবির অভিযোগ,বরকল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত