
রাঙামাটিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। পাঁচতলা ভবনটিতে অফিসের পাশাপাশি ডিজিটাল ল্যাব, ডিজিটাল আর্কাইভ, তথ্য যাচাই বিভাগ, বহুমুখী মিলনায়তন ও ৬০ আসনের সিনেপ্লেক্স থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা। গত বৃহস্পতিবার রাঙামাটি শহরের ট্রাইব্যাল আদাম বটতলা এলাকায় কমপ্লেক্সটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের চলচ্চিত্রশিল্প গত ১৭ বছরের অনাচারে ধ্বংসের মুখে পড়েছে।
এ কারণে পরিকল্পিতভাবে তথ্য কমপ্লেক্সে ৬০ আসনের সিনেপ্লেক্স রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ছড়িয়ে পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে মানুষের চরিত্রহননসহ নানা অপরাধও ঘটছে। তথ্য যাচাই বিভাগ চালু হলে গুজব ও সামাজিক অবক্ষয় ঠেকাতে ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে।
এসব এলাকার সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান জানান, প্রথম পর্যায়ে দেশের ২৬টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রাঙামাটির ভবনটির আয়তন হবে ১৪ হাজার ৬২০ বর্গফুট। পাঁচতলা ভবনটির ভিত্তি থাকবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। এতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধার পাশাপাশি সাংস্কৃতিক ও গণযোগাযোগ কার্যক্রমের সুযোগ থাকবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আব্দুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।