
বরিশালে আদালতে বিচারকাজ চলা অবস্থায় এজলাসে হট্টগোল করা জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রাহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে, দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লিংকনকে গ্রেপ্তার করে। এদিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। বিএনপিপন্থি আইনজীবীরা জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
প্রসঙ্গত, গত সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে ভাঙচুর করেন এবং বিচারকের আসন ত্যাগ করতে বাধ্য করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বেঞ্চ সহকারী রাজীব মজুমদার একাধিক আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি করা হয়।