ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডাকাত দলের সর্দারসহ আটক ৯, চার জেলে উদ্ধার

ডাকাত দলের সর্দারসহ আটক ৯, চার জেলে উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর ও তার ৮ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবলে পড়া একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান। তিনি জানান, গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বরের মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়। সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল বোটটি থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া চালায় এবং একপর্যায়ে বোটটি আটক করা হয়।

তিনি আরও জানান, আটক বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ তার ৮ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতদের কবলে থাকা ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। উদ্ধার জেলে ও ফিশিং বোট এবং জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত