
ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার।
এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন।
নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।