
ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। এতে সিরাজগঞ্জের যমুনা সেতু পারাপারে যানবাহনের চাপ বেড়েছে। ২৪ ঘণ্টায় প্রায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে এরইমধ্যে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু পারাপারে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে এ পর্যন্ত মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি। গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। এরমধ্যে যমুনা সেতু পূর্বপাড় থেকে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও পশ্চিম পাড় থেকে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা আদায় হয়েছে।