
গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও চার মাসের সন্তান হুজাইফা। এ ঘটনায় নিহতের ছেলে সোহানকে (৮) আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে সকালে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ও তার চার মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই দম্পতির ১০ বছর বয়সী ছেলে সোহানকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবণী বলেন, দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন ছিল। পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ছেলেকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।