
ভাণ্ডারিয়ায় সমুদ্রগামী মাছ ধরার একটি ট্রলারের পাঠাতনের নিচে গোপন চেম্বারে লুকিয়ে চোরাই গরু পাচারের সময় দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ২নম্বর নদমূলা ইউনিয়নের পোনা নদীর ডিগ্রি খাল সংলগ্ন ওজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটরা হলেন- বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ধুপতি এলাকার বাসিন্দা আব্দুল কালামের ছেলে সাইদুল ইসলাম এবং ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে কামরুল । কোস্ট গার্ড সূত্রে জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন ট্রলারটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রলারের পাঠাতনের নিচে লুকিয়ে রাখা ৬টি গরু উদ্ধার করা হয়, যা পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় ট্রলারে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভাণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।