ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই পরিবহনকে জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১ এর উদ্যোগে যৌথভাবে মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ তৈরি হলে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত