ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছিল দুর্বৃত্তরা। স্থানীয়দের বাধার মুখে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে জনতার ধাওয়ায় এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামের ওই ব্যক্তি সুমন মিয়ার দোকান থেকে ২ হাজার টাকার ফ্লেক্সিলোড করে টাকা না দিলে তাকে আটক রেখে পরে টাকা আদায় করা হয়। এর জেরে রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে।

গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি গেলে তারা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একপর্যায়ে উত্তেজিত জনতা ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং ৪টি গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, ‘গুলিতে ৪ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। অন্যদের শরীর ঘেঁষে গুলি গেছে, তারা তুলনামূলকভাবে কম আহত।’

তিনি আরও জানান, আটক ব্যক্তি কখনও নিজের নাম শামীম আবার কখনও জুয়েল বলে জানিয়েছে। মারধরের কারণে সে অসুস্থ থাকায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে পলাতক অস্ত্রধারীদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত