ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষি কার্ড নিয়ে পাম্পে ঘুরছে কৃষক, মিলছে না ডিজেল

কৃষি কার্ড নিয়ে পাম্পে ঘুরছে কৃষক, মিলছে না ডিজেল

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচকাজ। অপরদিকে জ্বালানি তেল ঠিক মতো না পাওয়ায় যাত্রা বাতিল হচ্ছে যাত্রীবাহী বাস গুলোর। এতে চরম ভোগান্তি ও নানা সমস্যায় পড়তে হচ্ছে কৃষক ও বাস যাত্রীদের।

সরেজমিনে পাম্প গুলোতে গিয়ে দেখা যায়, ডিজেল নিতে কৃষকদের দীর্ঘ সারি। কারও হাতে তেল নেওয়ার ক্যান বা বোতল, আবার কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাংক নিয়ে অপেক্ষা করছেন। ফজর নামাযের পর থেকেই লাইনে দাড়াতে দেখা যায় কৃষকদের। ডিজেল না থাকায় গত কয়েকদিন থেকে বন্ধ রয়েছে ডিজেল চালিত অধিকাংশ সেচ পাম্প। পানির অভাবে জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় ধানের চারা লালচে হয়ে মরে যাচ্ছে। মনে হচ্ছে মাঠের এই ফাটল শুধু মাটির নয়, বরং কৃষকের বুক চেরা হাহাকার। সোনালী স্বপ্নের বদলে এখন তাদের চোখেমুখে শুধুই অন্ধকারের হাতছানি।

স্থানীয় কার্ডধারী কৃষক আজমত আলী, দিদার আলী, মোফাজ্জল হকসহ একাধিকবার কৃষক অভিযোগ করে বলেন, এখন আমাদের শষ্যমাঠে কৃষিকাজের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। জমি চাষ, সেচ এবং কৃষিযন্ত্র চালাতে ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু তেলের সংকটে শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডিজেলচালিত সেচযন্ত্র, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ও ট্রাক্টর বন্ধ থাকায় অনেক জমির কাজ করতে পাচ্ছি না। কয়েক দিন ধরেই কৃষি কার্ড নিয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছি না। সেই ভোররাত থেকে পাম্পে লাইন দিয়ে দাড়িয়ে থাকলেও অনেক সময় তেল না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। আবার লাইনে দাড়িয়ে যে টুকুও তেল পাওয়া যায় তা একেবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে তেল সংকটের কারণে যাত্রা বাতিল হচ্ছে বিভিন্ন গণপরিবহনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। তারাকান্দির বাস সার্ভিস আর এস ট্রাভেলস- এর ম্যানেজার রাজু আহাম্মেদ বলেন, তেল সংকটের কারণে আমরা ঠিক সময় মতো বাস সার্ভিস দিতে পারছি না। তেল আসলে একদিন আগে থেকেই পাম্পে বাসগুলো সিরিয়ালে রাখতে হয়। যার কারণে প্রায়ই যাত্রা বাতিল করতে হয়। এতে করে ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা।

নূরজাহান ফিলিং স্টেশনের মালিক মো. সুমন মিয়া বলেন, আমরা সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছি। যা চাহিদার তুলনায় খুবই কম। এই ডিজেল ট্রাক, বাস, বিভিন্ন যানবাহন ও কৃষকদের দেওয়া হয়।

অনেক সময় লম্বা লাইনের কারণে তেল শেষ হয়ে গেলে সারাদিন লাইনে থাকার পরও অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হয়। যা আমাদের জন্যই দুঃখজনক ও কষ্টকর। আবার অনেক সময় তেল না পেয়ে পাম্পে ভাঙচুরও চালায় গ্রাহকেরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, সব কৃষককে ফুয়েল কার্ডের জন্য কৃষি অফিসে আবেদন করতে বলা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২ শতাধিক কৃষক আবেদন করেছেন। ডিজেল সংকটের কারণে কৃষি খাতে সেচ প্রকল্প, ট্রাক্টর ও অন্যান্য মেশিনারীজ যন্ত্র চালানোর জন্য ডিজেল প্রয়োজন। আর সামনে ডিজেলের জন্য আরও বেশি প্রয়োজন হবে। চাপ পড়বে। আশা করি ডিজেলের সমস্যা অতি দ্রুত সমাধান হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত