
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফা গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।
মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আলামিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতভর ডিবি পুলিশের বিশেষ অভিযানে যুবদলের ৯ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- এনায়েত উল্লাহ প্রান্ত, মো. মিজান মিয়া, মো. মিজানুর রহমান, মো. খাইরুল ইসলাম, ইমরান মিয়াদাদ এনায়েত, মাহফুজুল ইসলাম শরীফ, আবু তাহের, সুমন মিয়া এবং হুমায়ুন। নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হামলার ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ অভিযান চলমান থাকবে বলেও জানান। উল্লেখ্য গত শুক্রবার মাগরিবের নামাজের সময় মেসার্স গিরিপথ পেট্রোল পাম্পে সংসদ সদস্য মোস্তফা মাসুমের ওপর অতর্কিত হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত মাইক্রো গাড়িটি (ঢাকা মেট্রো-চণ্ড১৫-৭৫২৮) ব্যাপক ভাঙচুর করা হয়।ঘটনার সময় সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে।