
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সময়ের যেকোনো সময় রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তার বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।