ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ প্রশাসনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।

গতকাল বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে জাহানারা আজিজ মেনশনের নিচতলায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

উদ্বোধন শেষে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবি দীর্ঘদিনের। এতদিন এই অঞ্চলের কলেজগুলোকে বিভিন্ন প্রশাসনিক জটিলতা মোকাবিলা করতে হতো। শিক্ষার্থীদের নিবন্ধন, পরীক্ষাসংক্রান্ত জটিলতা, সনদ উত্তোলন, কলেজ সংক্রান্ত অনুমোদনসহ নানা কাজে গাজীপুরে ছুটতে হতো। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হতো।

বক্তারা বলেন, নতুন এই আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবেন। বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটি ১২তম আঞ্চলিক শাখা হিসেবে যাত্রা শুরু করল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একযোগে কাজ করতে হবে। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তারা আরও উল্লেখ করেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। তবে গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকাংশে স্থবির হয়ে পড়েছিল, যার নেতিবাচক প্রভাব দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় পড়েছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। নতুন এই আঞ্চলিক কেন্দ্র এসব কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক লাইব্রেরি স্থাপন এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। নতুন এই আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে ফরিদপুর অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এ উদ্যোগ প্রশাসনিক সেবাকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত