ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল নির্মাণ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল নির্মাণ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলছেন, আমরা কাজে বিশ্বাসী। কাজের মধ্যদিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা পূরণ করতে চাই। বিভিন্ন জায়গায় যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি নিজে নিজেই চিহ্নিত করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি। গতকাল মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চরাঞ্চলে মানুষের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি হাসপাতাল গড়ে তোলার বিষয়ে এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলে যমুনার নদীর তীরঘেঁষা বেশ কিছু ইউনিয়ন রয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে সবচেয়ে বেশি উন্নয়ন করার চেষ্টা করব। পাঁচ বছর পর যদি উন্নয়নের তালিকা হয় তাহলে টাঙ্গাইল সদর হবে এক নম্বর।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদক। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মসজিদ এবং মাদ্রাসাগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা মাদক সম্পর্কে কাউন্সেলিং অথবা সচেতনতামূলক কথা বলে যুব সমাজকে সচেতন করতে পারেন।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের ওই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। এ সময় বিভিন্ন প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত