ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত রিয়াদ রশিদ (২৮) জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।

নিহতের পিতা জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে রিয়াদের মৃত্যুর সংবাদটি আমাদেরকে জানায়। মেসেঞ্জারে লিমন জানায়, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। আহত হন তিনজন। লিমন জানায় রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। রিয়াদের ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ওই ড্রোন হামলায় লিমনও একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানায়।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজের উদ্দেশে রাশিয়ায় যায়। তবে রুশ সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি আমাদের জানা ছিল না। গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।

করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির বলেন, স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরে পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি তাদের কাছ থেকে নিশ্চিত হয়েছে। সরকারিভাবে এ ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে, আমরা এরইমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত