ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তিন খাল খননের কাজ এগিয়ে চলেছে

সিরাজগঞ্জে তিন খাল খননের কাজ এগিয়ে চলেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি খাল খনন কর্মসূচি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পানিপ্রবাহ ও সেচ কাজের সুবিধা পাবে কৃষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতে সারা দেশে এ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে খাল খনন, পুনঃখনন ও সংস্কার কাজ শুরু হয়। এ খাল খনন কর্মসূচি প্রকল্প কাজ উদ্বোধন করেন স্থানীয় এমপিরা। প্রকল্পগুলো হলো- উল্লাপাড়া উপজেলার কয়রা বাগলপুর থেকে কয়রা চরপাড়া, চড়ুইমড়ুই, চাওল, কান্দুয়া বিল হয়ে মুক্তা নদীর পাড় পর্যন্ত খাল খনন। এ খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। একই উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের নিকট থেকে ছড়িয়া শিকার হয়ে হাটিকুমরুল ধোপাকান্দি পর্যন্ত খাল খনন প্রকল্প। এ খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ১৬৫ টাকা এবং শাহজাদপুর উপজেলা মশিপুর বাজার ছোট ব্রিজ থেকে লালপুর পর্যন্ত খাল খনন প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯১ হাজার ১১৪ টাকা।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং গঠিত এ কমিটি উপজেলা প্রশাসন অনুমোদন দেন। এ কমিটি গত ১৮ মে থেকে এসব প্রকল্পের কাজ শুরু করা হয়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতে বরাদ্দ ৬ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৩৫৯ টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ চলছে এবং বেকু মেশিন দিয়ে খাল খনন প্রকল্প কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ কাজ বাস্তবায়নে তদারকি করছে। এরমধ্যেই প্রকল্পগুলো গড়ে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পানিপ্রবাহ ও কৃষি সেচ কাজে সুবিধা পাবে। আশা করা হচ্ছে, আগামী জুন মাসের মধ্যেই জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ শেষ হবে। জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, এ ৩টি প্রকল্প বাস্তবায়নে জেলা-উপজেলা প্রশাসন তদারকি করছেন এবং সরকারি বিধিমতে প্রকল্পসমূহে কাজ দ্রুত এগিয়ে চলছে। রোববার দুপুরে বিভাগীয় কমিশনার রাজশাহী ড. আ-ন-মণ্ড বজলুর রশীদ মহোদয় এ ৩টি প্রকল্প পরিদর্শন করেছেন এবং এ পরিদর্শনে তিনি প্রকল্প কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, ওসি মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। এ প্রকল্পের কাজ শুরু থেকেই জেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং যথাসময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত