
২১টি আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া ও নানা প্রতীক্ষার পর নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন পরিবেশ, নতুন বন্ধু ও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতায় উচ্ছ্বাস-উদ্দীপনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পুরো ক্যাম্পাসজুড়ে এমন চিত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের অনুভূতি প্রকাশ করে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের নবীন শিক্ষার্থী রাফি হাওলাদার বলেন, আজ দীর্ঘ প্রতীক্ষা ও পরিশ্রমের এক স্বপ্নময় অধ্যায়ের সূচনা হলো। এই পথচলা মোটেও সহজ ছিল না। অসংখ্য প্রতিযোগিতা, চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পেয়েছি। স্বপ্নকে জয় করার লক্ষ্যে অবিরাম পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফলেই আজকের এই দিনটি দেখতে পারছি।