ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম

চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে জেলার চাষি ও ব্যবসায়ীরা গাছ থেকে আম নামাতে পারবেন। ওই দিন থেকে প্রথমে বাজারে আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায়’ এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় জানান হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানি পছন্দ ও ক্ষিরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে। এছাড়া লিচু সংগ্রহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত