
কুষ্টিয়ার দৌলতপুরে হযরত শাহ রউফ (রা.) মাজার শরিফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বোন রিতা খাতুনও হামলার শিকার হন। গত শনিবার বিকালে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরিফের ভেতরে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ হযরত শাহ রউফ (রা.) মাজার শরিফে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। ওরশ উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। সম্প্রতি ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শনিবার তিনি মাজারের ভেতরে রঙয়ের কাজ করছিলেন। এ সময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় পাশে থাকা তার বোন রিতা খাতুনকেও মারধর করা হয়। তবে তার উপর কেন হামলা করা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারেননি।