ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় নিজের বাবা ও বোনকেও কুপিয়ে আহত করেছে। গত রোববার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লাকী আক্তার। আহতরা হলেন- তার স্বামী মোস্তফা ভূঞা ও মেয়ে মিথিলা মোস্তফা। অভিযুক্ত ছেলের নাম রাফি মোস্তফা (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে চাপ সৃষ্টি দিতো। বিষয়টি নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিন রাতেও সে মাদক কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। একপর্যায়ে মা লাকী আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালায়। চিৎকার শুনে বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মোস্তফা ভূঞা ও মিথিলা মোস্তফার অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, রাফির মাদকাসক্তি নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিল। বিভিন্ন সময় তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

দাগনভূঞা থানার ওসি ফয়েজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাফিকে আটক করে। প্রাথমিক তদন্তে মাদকের টাকার দাবিকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত