ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথায় এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬)। নুরুল আলমের ছেলে নুর হাসনাত নিরব (২৫)। নিহত নুরুল আলম ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

আহত অন্য মোটরসাইকেল আরোহীর নাম আফজাল হোসেন (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম গত সোমবার রাতে দায়িত্ব পালন করে গতকাল মঙ্গলবার সকালে বাড়ি ফিরেন। তিনি তার ভাগিনা আফজালের মোটরসাইকেলে নিজ ছেলে নিরবসহ সোনাগাজীর ভাঙ্গার তাকিয়া এলাকার বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছালে রাস্তায় ইউটার্ণ নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘দাউদকান্দি এক্সপ্রেস’ বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী বাস চাপায় পিষ্ট হয়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত নিরব ও আফজালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে নিরবের মৃত্যু হয়। ফেনী ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, রাতে অ্যাম্বুলেন্সে ডিউটি শেষে নুরুল আলম মোটরসাইকেল করে লেমুয়ায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে নুরুল আলম ও তার ছেলে নিরবের মৃত্যু হয়। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, বাসচাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত