
লক্ষ্মীপুরে মারামারি মামলায় দুই শিশুকে কারা ফটকে রেখে এবং দেড় বছর বয়সী সন্তানসহ কারাগারে যাওয়া ফারহানা আক্তার জামিন পেয়েছেন। গতকাল বুধবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির জানান, মামলার বাদী এজাহারে মাথা ফেটে মগজ বের হওয়ার যে দাবি করেছিলেন, তা বাস্তবসম্মত নয় বলে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে বিকালে ফারহানার জামিন আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৯ এপ্রিল পৌর এলাকার ইসমাইল হোসেন ও আফতাব উদ্দিন ভূঁইয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনের মামলার পর প্রতিপক্ষ মাহাতাব উদ্দিনও একটি পাল্টা মামলা করেন। ওই মামলায় গত সোমবার আদালতে হাজিরা দিতে গেলে ফারহানা আক্তার ও জহির উদ্দিন নামের দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।