
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন ফি প্রায় চার গুণ বাড়ানো হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিনের নির্ধারিত ১ হাজার ২০০ টাকার পরিবর্তে চলতি বছর নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা, দ্রুত নির্বাচন আয়োজন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে গত বুধবার বেলা ১১টায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল এর কাছে লিখিত আবেদন দিয়েছেন তারা। আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, হঠাৎ করে অতিরিক্ত ফি নির্ধারণের কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়বেন। ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা প্রয়োজন বলে তারা মনে করেন। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম বলেন, চলতি মাসের ৭ তারিখে সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানে উপস্থিত সদস্যরা জরুরি সাধারণ সভা ও দ্রুত নির্বাচন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে পাশের জেলা চেম্বারগুলো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নবায়ন ফি নির্ধারণের প্রস্তাবও তোলা হয়।