ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনাগাজীতে শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

সোনাগাজীতে শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

ফেনীর সোনাগাজী উপজেলায় দীর্ঘদিন ধরে শিক্ষক ও দাপ্তরিক জনবল সংকটের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশই চলছে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মাধ্যমে। একই সঙ্গে শিক্ষা অফিসেও প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর ঘাটতিতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩৬টিতে স্থায়ী প্রধান শিক্ষক রয়েছেন। বাকি বিদ্যালয়গুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্ব এবং ৫০টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সহকারী শিক্ষকের মোট অনুমোদিত পদ রয়েছে ৬৭২টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৬১২ জন। এসব শিক্ষকদের মধ্য থেকেই অনেককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে তীব্র জনবল সংকট। উপজেলায় পাঁচটি ক্লাস্টারের জন্য পাঁচজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন থাকার কথা থাকলেও বাস্তবে একজনও নেই। উচ্চমান সহকারীর পদটি প্রায় সাত বছর ধরে শূন্য রয়েছে। নেই অফিস সহায়কও। সরেজমিন বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষা অফিসে প্রয়োজনীয় জনবল না থাকায় দাপ্তরিক কাজেও ধীরগতি দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিতে হয়। পাশাপাশি দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকায় তিনি বিদ্যালয় পরিদর্শনে পর্যাপ্ত সময় দিতে পারেন না। মাত্র একজন সহকারী শিক্ষা অফিসার দিয়ে পাঁচটি ক্লাস্টারের ১১০টি বিদ্যালয়ের তদারকি কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত