
গাজীপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত অগ্রাধিকারমূলক কার্যক্রমের অগ্রগতি ও সুফল বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে। গত বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি শুধু কাগজে সীমাবদ্ধ নেই, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় সরকার একযোগে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের মতো উদ্যোগগুলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা স্ব-স্ব খাতের অগ্রাধিকার কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
সিভিল সার্জন ডা. মো. মামুনুর রশীদ ই-হেলথ কার্ড, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান জানান, সুবিধাবঞ্চিতদের সহায়তায় ফ্যামিলি কার্ড কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান জানান, ‘কৃষক স্মার্ট কার্ড’-এর মাধ্যমে কৃষকরা ঋণ, ভর্তুকি ও সারসহ ১০ ধরনের সেবা পাবেন। এছাড়া বার্ষিক আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা জানান, জেলার লবণদহ নদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল (চৌক্কার খাল, গাছা খাল, রাউতকোনা খাল ও চীলাই খাল) খনন কাজ দ্রুতগতিতে চলছে। এরইমধ্যে কিছু খালের ৭০-৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় জেলায় প্রায় ২ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা এবং বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন জানান, সরকারের এই জনমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক এবং নারী সমাবেশের মতো বহুমুখী প্রচার কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস।
গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়কম-লীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আপনার প্রতিও (জেলা প্রশাসক) গাজীপুরকে এগিয়ে নিতে আহ্বান জানাচ্ছি।
সভায় বক্তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে সঠিক ও ইতিবাচকভাবে পৌঁছে দিতে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।