
পাবনার ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। এতে আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ‘মিল্ক নেট’ (দুধছাঁকনি) গেঞ্জি, খাতা, কলম, গাভীর খাবার ব্যবস্থাপনা প্রশিক্ষণ সংক্রান্ত একটি বই দুপুরের খাবার ও যাতায়াত ভাতাসহ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের মিল্ক কালেকশন এন্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, এসময় তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধিতে এধরনের প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন- ভাঙ্গুড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন জাহান, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টে র লাইভ স্টোক কবিরুল হক প্রমুখ।