ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ

সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলতলী মোড় থেকে উচাখিলা বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক যুগ ধরে সড়কটি বড় ধরনের সংস্কারের মুখ দেখেনি।

স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন উচাখিলা, রাজিবপুর, বড়হিত ও তারুন্দিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে এ সড়কের ওপর নির্ভরশীল এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বিশেষ করে তীরবর্তী উচাখিলা ও রাজিবপুর এলাকার কৃষকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এ অঞ্চলে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হলেও সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনে দেখা দিয়েছে মারাত্মক সংকট।

ফলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, আমাদের মরিচারচর, চর আলগি, রফিয়ার আলগি ও আলাদিয়ার আলগি গ্রামের অধিকাংশ কৃষক ধানের চেয়ে শাকসবজি চাষ বেশি করেন। কিন্তু রাস্তার কারণে পাইকাররা এখন আর গাড়ি নিয়ে চরে আসতে চান না। এতে উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে না পেরে আমরা লোকসানের মুখে পড়ছি।

একই অভিযোগ করেন রাজিবপুর ইউনিয়নের কৃষক এমদাদুল হক। তিনি জানান, উজান চর নওপাড়া, ভাটিচর নওপাড়া, চর রামমোহন ও সীমারবুক এলাকার প্রায় ২১ হেক্টর জমিতে শিম, লাউ, আলু, বরবটি, ঝিঙা, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। কিন্তু পরিবহন সংকটের কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহনও দুর্ভোগে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ সহ্য করে চলাচল করছেন।

উচাখিলা ইউনিয়নের সমাজসেবক ফেরদৌস কোরাইশি টিটু বলেন, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক খান সেলিম বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সংসদ সদস্যের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছি এবং সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে (সওজ)-এর ময়মনসিংহ জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের বর্তমান অবস্থা আমাদের নজরে এসেছে। এরইমধ্যে কারিগরি টিমকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত