ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর শহরে সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের পাশে নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ। এ সময় পৌরসভা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে পৌরসভার কর্মীরা সড়কের পাশে থাকা অবৈধ দোকান, টংঘর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের ভবিষ্যতে পুনরায় সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়।

এদিকে শহরের কয়েকটি খাবারের হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা এবং একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এসব জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ। জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখল উচ্ছেদ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত