
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেহেদী প্রতিবেশীর একটি নির্মাণাধীন ঘরে কাজ করতে যায়। দুপুরে বাড়িতে ভাত খেতে আসে। এসময় বসতঘরের সোকেচের নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।