
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সদর উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসুমতি চাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসা ভাড়া নিয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুত এবং বিপণন করে আসছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।