
কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে পশু প্রবেশ ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিশেষ নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সীমান্ত ঘেঁষা পাঁচটি উপজেলার ৯৬ কিলোমিটার এলাকায় এ নজরদারি বাড়ানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, কুমিল্লা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে- এ বছর জেলায় চাহিদার তুলনায় প্রায় ১২ হাজার কোরবানির পশু অতিরিক্ত রয়েছে। তবে ভারত ও মায়ানমার থেকে পশু প্রবেশ করলে এবার পশুর ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। কুমিল্লা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, প্রাচীন ও বৃহৎ এ জেলায় এবার কোরবানির ঈদে ২ লাখ ৫৯ হাজার গবাদি পশুর চাহিদার বিপরীতে ২ লাখ ৪৭ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এ বছর জেলায় প্রায় আড়াই হাজার খামারি ঈদকে কেন্দ্র করে পশু পালন করেছেন। এতে চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে প্রায় ১২ হাজার পশু। এ বছর অসংখ্য গৃহস্থ পরিবার গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু পালন করেছেন।
এবার হাটে দেশি গরুর পাশাপাশি ব্রাহমা, ফ্রিজিয়ান, শাহিওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের গরু পাওয়া যাবে। জানা গেছে, জেলার ১৭টি উপজেলার মধ্যে চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ পাঁচটি উপজেলা ভারত সীমান্ত লাগোয়া। প্রতি বছরই কোরবানির ঈদকে কেন্দ্র করে এসব এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে গরু নিয়ে আসে। এতে খামারিদের ক্ষতির মুখে পড়তে হয়।