
নীলফামারীর জলঢাকায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ হেফাজতে থাকা আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য শাহিন ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার বিকালে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা মমিনটুলি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্বাস আলীর মোটরসাইকেল গ্যারেজের পিছনের গোডাউন থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এ সময় আব্বাস আলীকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক আব্বাস হোসেন জানান, তার গোডাউনে থাকা মোটরসাইকেলগুলো চোর শাহিন ইসলাম ও ফরিদুল ইসলামসহ বেশকিছু চোরের নিকট হতে ক্রয় করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, ‘এসব মোটরসাইকেল চুরিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’