
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাহালম, শরিফ, শামিম, নজরুল, আজিরন, হাজেরাসহ আরও কয়েকজন। আহতদের মধ্যে পাঁচজন গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে মৃত কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে নুরুল আমিন তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে মারধর করেন এবং ভ্যানগাড়িসহ বসতবাড়িতে আগুন লাগিয়ে দেন। সেই ঘটনার জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশরাফুল ইসলামসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। এদিকে আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নুরুল আমিনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ বলেন, সোমবার বেলা ১১টার দিকে মারামারির ঘটনায় বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।