ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আশুলিয়ায় দুই ভাই গুলিবিদ্ধ

আশুলিয়ায় দুই ভাই গুলিবিদ্ধ

আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পৃথক স্থানে দুই যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কে আপন দুই ভাই বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার ভার্চুয়াল নামে একটি পোশাক কারখানার ২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। এ সময় ইসমাইল নামে এক যুবক সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পা ও পিঠে গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষণ পর একই এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শিপন নামে আরেক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনিও পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান, আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, গুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত