
বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার আব্দুল কাদের, খুলনার দাকোপ উপজেলার মোটরসাইকেল আরোহী বাহাদুর শিকদার (৪২) এবং মনির হোসেন মুন্না (৩২)।
কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মোংলা থেকে একটি প্লাটিনা মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। তারা খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান জানান, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।