
নওগাঁর রাণীনগরে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতের দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করছিল। সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।