ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা বা জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নৌপ্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বিভিন্ন অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে এখন থেকে কোনো প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা ব্যক্তির অধীনে অব্যবস্থাপনা, দুর্ঘটনা কিংবা জটিল পরিস্থিতি তৈরি হলে প্রথমে তার দায়-দায়িত্বও বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সে জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ নৌপরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতির সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত