
শেরপুরের নকলায় বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির।
উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী, হিউম্যান এইড এন্ড চ্যারিটি’র জেলা সমন্বয়কারী আব্দুল আওয়াল, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান ও আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহন, কর্মপরিধি, কর্মপরিকল্পনা প্রণয়ন পদ্ধতিসহ গ্রাম আদালত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালতের অর্জন বা সফলতা সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা পর্যায়ের অংশীজন, স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠন বা সংস্থার প্রতিনিধিগন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির জানান, ২০২৩ সালের সেপ্টম্বর মাস থেকে নকলায় গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হলেও, অফিসিয়াল প্রস্তুতি শেষ করে এই আদালতে মামলা গ্রহন শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে।
এরপরে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৮৬৭টি ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলা গ্রহন করা হয়েছে এবং ৮৬৫টি মামলা সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে।