
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়ক যাজটমুক্ত রাখতে এবং ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।
পুলিশ জানায়, ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে, চুরি, ডাকাতি, ছিনতাই রোধকল্পে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের পরিকল্পনা ও দিক নির্দেশনায় মহাসড়কের কুমিল্লার অংশে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা এলাকায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈদ যাত্রায় মানুষের জনদুর্ভোগ কমাতে আগামীকাল সোমবার হতে ঈদের পর নিজ নিজ কর্মস্থলে মানুষ ফেরা পর্যন্ত মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ঈদে ঘরমুখী মানুষের জানমাল নিরাপত্তাসহ নিরাপদ সড়ক উপহার দিতে আজ থেকেই মাঠে থাকছে পুলিশ।