ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

উখিয়ার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি উখিয়া থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি ও অনলাইন কার্যক্রমের খোঁজখবর নেন।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, স্থানীয়দের জন্য ২৫ শতাংশ অগ্রাধিকার নিশ্চিতকরণ, অস্থায়ী গরুর হাট নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, উখিয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।’

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত