
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন আমবাগানে আম কুড়ানোর সময় এবং অন্যজন ধানখেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৫০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ জেলাজুড়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর এলাকায় বৃষ্টির মধ্যে নিজের ধানখেতে কাজ করতে যান আব্দুল মালেক। এ সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।