ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

যমুনায় ভাঙন, ৪০ মিটার বাঁধ বিলীন

যমুনায় ভাঙন, ৪০ মিটার বাঁধ বিলীন

সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি সামান্য কমেছে। এতে চর এলাকার কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা এলাকায় নদীর ডান তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা নদীর পানি সামান্য কমলেও ভাঙন থামছেনা। কারণ সম্পর্কে তিনি বলেণ পানি কমতে থাকায় স্রোত ও নদীর তলদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এতে বিশেষ করে চরাঞ্চলের কয়েকটি স্থানে এ ভাঙ্গন দেখা দিয়েছে এবং দফায় দফায় প্রবল বর্ষণেও এ ভাঙনের সৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধ্যার দিকে যমুনা নদীর পূর্ব বাহুকা তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে। এতে ভাঙন এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। অবশ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে সেখানে জরুরি ভিত্তিতে কাজ করছে। এছাড়া যমুনার তীরবর্তী শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের কয়েকটি স্থানে এ ভাঙন শুরু হয়েছে। এ ভাঙনে বাঁধসহ ইতিমধ্যেই বহু জায়গা জমি যমুনা গর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনায় পানি কমতে থাকায় বেশ কয়েকটি স্থানে এ ভাঙন দেখা দিয়েছে। পূর্ব বাহুকা ভাঙ্গন রোধে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে এবং পাউবোর উর্ধতন কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত