
নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক পাখি শিকার ও হত্যার ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। গত রোববার (২৬ জুলাই) রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই অভিযুক্ত ব্যক্তিরা হাটবিলা বিলে ফাঁস জালসহ বিভিন্ন ফাঁদ ব্যবহার করে পাখিগুলো শিকার করেন। পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে। বিষয়টি নজরে আসলে বন বিভাগ তদন্তে নামে।
রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সত্যতা নিশ্চিত হই। অভিযুক্তদের আইনের আওতায় আনতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।
এজাহারে তিনি উল্লেখ করেন, পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকা দমন ও উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযুক্তদের এই কর্মকাণ্ডে পরিবেশ ও বন্য প্রাণীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।