ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, প্রায় ৯ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, প্রায় ৯ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মদনা বাজারে রাজধানী ফুডসের একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল-সহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের মদনা বাজারস্থ রাজধানী ফুডসের একটি বিস্কুট ফ্যাক্টরিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে।

এরপর এলাকাবাসী দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানাটিতে তেল ও তেলজাতীয় সামগ্রী মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিস সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

৯ লাখ টাকার ক্ষতি,অগ্নিকাণ্ড,বিস্কুট ফ্যাক্টরি,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত