
কক্সবাজারের উখিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার মরিচ্যা বাজারে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসটি জব্দ করা হয়। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন মিজানুর রহমান, ফরহাদ হোসেন, সাজ্জাদুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইমরুল, মো. সোহেল ও গাড়িচালক আবুল খায়ের। ওসি আতিকুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি গ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সুত্র বলছে, উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক করে নাশকতা পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গত ২৬ জুলাই মামলা করেছিল পুলিশ। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। উখিয়া থানায় মামলাটি দায়ের করেছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।