
কুষ্টিয়ায় জামায়াতের এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত পরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে আমির হামজার ব্যক্তিগত সহকারী মমিন বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।
এসময় সংসদ সদস্য আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার সময় শহরের ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। তখন জামায়াতের নেতাকর্মী ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলা চালানো হয় এমপি আমির হামজার গাড়িতে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পরবর্তীতে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এবিষয়ে এমপি আমির হামজা অভিযোগে জানান, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, ভিডিও দেখে হামলার সঙ্গে যারা জড়িত চিনেছেন তাদের নামেই এজাহার দায়ের করা হয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতের পক্ষ থেকে একটি এজাহার পেয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে নেবেন আইনগত ব্যবস্থা।