
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার পর লাশ টুকরো করে পাতিলে রাখার সে আলোচিত ঘটনার মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে (৪০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এনায়েত উল্যাহ এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার আগের রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে ফরহাদ হোসেন টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে স্ত্রী নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে টুকরো করে পাতিলে রাখেন।সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তমাখা দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে লাশ উদ্ধার করে।