
কক্সবাজারের উখিয়ায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হাউস ওয়্যারিং ও সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে ১৮০ নারী ও ৩০ পুরুষসহ মোট ২১০ জন অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সেলাই মেশিন ও ইলেকট্রনিকস টুলস দেওয়ার কথা রয়েছে।
‘দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমণ্ড২০২৬’-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এডিপি এ প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুড়া এলাকার কবির ম্যানসনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিতাসের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক চয়ন এইচ. রিবেরো। উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়ার প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, কারিতাস কক্সবাজারের ইআরপি প্রকল্প পরিচালক লিটন গোমেজ ও কারিতাসের প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজারের এডুকেশন স্পেশালিস্ট তপতি সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়ার চাইল্ড প্রোটেকশন অফিসার লিজা সরকার, কারিতাস চট্টগ্রামের টিও-এমটিটিপি সাইদুল ইসলাম এবং কারিতাস আরটিএস চট্টগ্রামের প্রিন্সিপাল জুয়েল চাকমা। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন মনোয়ারা বেগম ও আরফাত হোসেন।